প্রিয়তমা
প্রিয়তমা
মানস কুমার মাইতি
জলে ভেজা চিলেঘর সুপ্রাচীন ধুলো
পালকের মতো ওড়ে ছেঁড়া স্মৃতিগুলো
বিবর্ণ খোলা মাঠে শামুকের মতো
নীরবে আগলে রাখি বেহিসাবি ক্ষত ।
কুচানো চিঠির মতো সাদামাঠা রোদ
তোমার চোখেতে নদী কতখানি স্রোত
লিখে রাখি কবিতা সাহসী প্রেমে
মেঘের কিনারা ছুঁয়ে বৃষ্টিতো নামে ।
নিষিক্ত বাতাস জুড়ে দিগন্তের ছায়া
হৃদয়ের গভীরতা নীলাভ মায়া
জাহাজের পাঠাতনে এলোমেলো জল
ডুবে যায় নীরবে পরিচিত তল ।
ঝিঙে ফুলে মুখ দেখি আয়নাতে তোমায়
প্রিয়তমা হেঁটে যায় মনের কবিতায় ।