হৃদয়ের শপথগুলো
হৃদয়ের শপথগুলো
মানস কুমার মাইতি
অনুরাধার মতো ওর নাকছাবি থেকে
খসে পড়তো আমাদের পথগুলো
দুটি নীরব হৃদয়ের শপথগুলো শঙ্খচূর্ণের মত আরো সাদা হয়ে উঠতো
আমাদের প্রতিটি মুহূর্ত এখন সন্ধি শিখে গেছে
বিশ্বাস গাঢ় হলে সমস্ত আলো শুষে নেয় দাম্পত্য
তোমার স্পর্শে সবটুকু জ্যোৎস্না নিয়ে
একটি ঘরের স্বপ্ন আঁকে রাত
পঁয়তাল্লিশটি বসন্ত দিয়ে সাজিয়েছি জীবনের ভাস্কর্য
বিয়ের হলুদ খামে পাহাড় লিখে দিয়েছিল ভরা নদীর নাম
জলে ভাসিয়েছিলাম পারাপারের ডিঙি
খোপায় আকাশ গুঁজে সে এসে দাঁড়াতো
ঝিঙে ফুলের নিচে
আমি বিকেলের সমস্ত বাতাস জড়ো করে রাখতাম ওর চিবুকে
আকাশ দুহিতা নিশ্চিন্তে জানালা খুলে ছুঁয়ে দেখে আমায়
ধীরে ধীরে বৃত্তের পরিধি পূর্ণ হয়ে ওঠে ।